জামায়াত-শিবির নিয়ে চরমোনাই পীরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

T

Team TTL

June 06, 2026 • 07:46 PM

জামায়াত-শিবির নিয়ে চরমোনাই পীরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এর নামে একটি মন্তব্যসংবলিত ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “মরিয়া শহীদ হইতে চাও? জামাত-শিবিরে যোগ দাও। যুদ্ধ লাগবে না, ধর্ম লাগবে না। পাইলস হইয়া মরলেও শহীদ হইতে পারবা।”


এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে এবং এখানে


তবে অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাচাই করে দেখা যায়, চরমোনাই পীর এমন কোনো মন্তব্য করেননি এবং তার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।


প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম, ইসলামি আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল প্ল্যাটফর্ম কিংবা চরমোনাই পীরের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ, প্রচারিত মন্তব্যটির কোনো গ্রহণযোগ্য সূত্র নেই।


অনুসন্ধানে আরও দেখা যায়, ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয় ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পরবর্তীতে ওই পেজের ফটোকার্ডটি বিভিন্ন ব্যক্তি ও পেজের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শুধু ফটোকার্ডই নয়, অনেকেই ‘Bengali Steam’ এর পোস্টকে সূত্র হিসেবে উল্লেখ করে টেক্সট আকারেও একই দাবি প্রচার করছেন।


উল্লেখ্য, ‘Bengali Steam’ অতীতেও একাধিক ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচারের কারণে আলোচনায় এসেছে। এসবের কয়েকটি বিষয়ে দ্য ট্রুথ লেন্স সহ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও পেজটির ক্যাটাগরিতে Satire/Parody উল্লেখ রয়েছে, তবুও তাদের বায়োতে “Our Mission is to present reliable news in the Bengali language” লেখা রয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির কারণ হতে পারে।


সুতরাং, জামায়াত-শিবির সম্পর্কে চরমোনাই পীরের নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়। এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং অনুসন্ধানে এটি একটি ভুয়া ও ভিত্তিহীন দাবি হিসেবে প্রতীয়মান হয়েছে।

আরও পড়ুন