রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সী শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে গত ২১ মে রাতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী-পত্নী ডা. জুবাইদা রহমানের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে।
একই মন্তব্য সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
প্রচারিত ফটোকার্ডে ডা. জুবাইদা রহমানকে উদ্ধৃত করে বলা হয়, “তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না, একজন কন্যা সন্তানের বাবা হিসেবেও যেতে হবে। এসিড নিক্ষেপ দমন করেছিল বেগম খালেদা জিয়া, এবার ধর্ষণ নির্মূল করতে হবে তারেক রহমানকে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কয়কটি পোস্টের স্ক্রিনশট
তবে অনুসন্ধানে দেখা যায়, ডা. জুবাইদা রহমানের নামে প্রচারিত এ বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে বিএনপির কোনো অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, “Dr. Zubaida Rahman” নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রথম ওই বক্তব্যটি পোস্ট করা হয়। পরবর্তীতে অনেক ব্যবহারকারী সেটিকে সত্য ধরে নিয়ে ডা. জুবাইদা রহমানের নামে ব্যাপকভাবে প্রচার করতে থাকেন।
পেজটির “Transparency and Privacy Policy” অংশ পর্যালোচনায় দেখা যায়, এটি ২০২৬ সালের ২৮ মার্চ “Prime Minister Tareque Rahman” নামে তৈরি করা হয়েছিল। পরে ২২ এপ্রিল পেজটির নাম পরিবর্তন করে “Dr. Zubaida Rahman” রাখা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী-পত্নী ডা. জুবাইদা রহমানের নামে ফেসবুকে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।
সুতরাং, রামিসার বাসায় প্রধানমন্ত্রীর যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ডা. জুবাইদা রহমানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং বিভ্রান্তিকর।