সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি “এনসিপিতে যোগ দিলেন ড. ইউনুস স্যার” শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। পোস্টটিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। ফটোকার্ডটি জনপ্রিয় সংবাদমাধ্যম “যমুনা টিভি” র আদলে তৈরি করা হয়েছে এবং এতে যমুনা টিভির লোগো ও ডিজাইনও ব্যবহার করা হয়েছে।
এমন দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে।
তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্ম ঘুরে এমন কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ, যমুনা টিভি এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি।
এছাড়া ভাইরাল ফটোকার্ডটির ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, এতে ব্যবহৃত ফন্ট, টেক্সটের বিন্যাস যমুনা টিভির আসল ফটোকার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এটি নকল ডিজাইনে তৈরি বলে প্রতীয়মান হয়।
ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও সন্দেহজনক। সেখানে এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ড. মুহাম্মদ ইউনুসের হাতে ফুল তুলে দিতে দেখা যায়। তবে এনসিপি নেতাদের সাম্প্রতিক সময়ের প্রকৃত ছবি ও ভিডিওর সঙ্গে তুলনা করলে ফটোকার্ডের ছবিটির মিল পাওয়া যায়নি। ছবির বিভিন্ন অংশে এআই-নির্ভর সম্পাদনার লক্ষণও দেখা যায়।
পাশাপাশি, এআই শনাক্তকারী টুল “Hive Moderation”-এ ছবিটি পরীক্ষা করে দেখা যায়, এটি ৯৮.৩ শতাংশ সম্ভাবনায় এআই জেনারেটেড বা কৃত্রিমভাবে তৈরি ছবি।
উল্লেখ্য, গত ০৭ মে ড. মুহাম্মদ ইউনুসের পরিবারের এক সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই বিভ্রান্তিকর এই ফটোকার্ডটি তৈরি ও প্রচার করা হয়েছে।
সুতরাং, “ড. ইউনুস এনসিপিতে যোগ দিয়েছেন” দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। একইসঙ্গে এতে ব্যবহৃত ছবিটিও এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।